ইউরোপিয়ান গার্লস ম্যাথ অলিম্পিয়াড (ইজিএমও) ২০২২-এ ফের ৪টি পদক জিতেছে বাংলাদেশের মেয়েরা। এবার বাংলাদেশ দলের দুই সদস্য ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী নুজহাত আহমেদ দিশা এবং হলিক্রস কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইয়ান বিনতে মোস্তাফা অর্জন করেছে ব্রোঞ্জপদক।
এছাড়া, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আরিফা আলম এবং হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আফসানা আকতার পেয়েছে সম্মানসূচক স্বীকৃতি। মোট ৫৭ পয়েন্ট পেয়ে ৫৭টি দেশের মধ্যে ২৯ তম হয়েছে বাংলাদেশ।

গত ৮ ও ৯ এপ্রিল দুইদিনব্যাপি এই প্রতিযোগিতায় বাংলাদেশ দলের ৪ সদস্য ঢাকার একটি কেন্দ্র হতে ভার্চ্যুয়ালি অংশ নিয়েছে । হাঙ্গেরি থেকে আয়োজক কমিটি এই অলিম্পিয়াড পরিচালনা করে।
এই অর্জন নিয়ে অলিম্পিয়াডে অংশগ্রহণের নেপথ্য নায়ক-
কিংমেকার মুনির হাসান বলেন, ফিনিক্স পাখির মতো আমাদের মেয়েরা উঠে দাড়াচ্ছে প্রতিনিয়ত। কাল রাতে ঘুমোতে যাওয়ার আগে লিখেছিলাম - আশাবাদী। ইউরোপীয় গার্লস ম্যাথ অলিম্পিয়াডে আমরা মেডাল পাবো। তখনই জানতাম দুটো ব্রোঞ্জ হবে। আমাদের দলনেতা ঈপ্সিতা বহ্নি বলছিল ১ নম্বরের জন্য ছুটে যাবে তিন নম্বরটা। দুটো ব্রোঞ্জ, দুটো সম্মান জনক স্বীকৃতি। চারজনের কেউ খালি হাতে ফিরে নাই। আমাদের গর্বের জায়গাটা আরও একটু উপরে তুলে দিয়েছে।
এর আগে গত বছর ১১ ও ১২ এপ্রিল অনুষ্ঠিত হয় ইজিএমও ২০২১। প্রতিযোগিতায় ৫৫টি দেশের ২১৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রথমবার অংশগ্রহণেই বাংলাদেশের প্রতিযোগী নুজহাত আহমেদ দিশা ১৫ পয়েন্ট পেয়ে অর্জন করে রৌপ্যপদক আর রাইয়ান বিনতে মোস্তফা ৮ পয়েন্ট পেয়ে জয় করে একটি ব্রোঞ্জপদক।
এছাড়া এই প্রথম কোনো আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নিয়ে আরিফা আলম ও সাফা তাসনিমও ভালো নম্বর পেয়েছে। বাংলাদেশ দলের সর্বমোট পয়েন্ট ২৭। দলগত স্কোরে বাংলাদেশ দল ভারত, নেদারল্যান্ডসের মতো অনেক দেশের চেয়ে এগিয়ে রয়েছে।